উই ফর ইউ- প্রতিবেদক
চাঁদা দাবি, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা কিংবা ব্যবসা ও নির্মাণকাজকে কেন্দ্র করে অবৈধ অর্থ চাওয়ার মতো ঘটনার তথ্য সংগ্রহে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটির যাত্রা শুরুর কথা জানানো হয়।
উদ্যোক্তাদের ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকদের অভিযোগ ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার উদ্যোগ থেকে ধারণা নিয়ে এবং ঘুষের অভিযোগ সংগ্রহের প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘চাঁদাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।
যেভাবে অভিযোগ জানাবেন-
প্ল্যাটফর্মটিতে অভিযোগ জানানোর সময় ঘটনার স্থান ও সময়, সংশ্লিষ্ট খাত, ঘটনার ধরন এবং কত টাকা দাবি করা হয়েছে—এসব তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ঘটনার সংক্ষিপ্ত বিবরণও যুক্ত করা যাবে।
অভিযোগ জানাতে নাগরিকদের নাম-পরিচয় প্রকাশ বাধ্যতামূলক নয়। অর্থাৎ পরিচয় গোপন রেখেই নিজের অভিজ্ঞতা জানানো যাবে।
অভিযোগ মানেই অপরাধের প্রমাণ নয়,
উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে প্রকাশিত কোনো অভিযোগকে সরাসরি অপরাধের প্রমাণ বা তদন্তের চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করা যাবে না। এসব তথ্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবেও গণ্য হবে না। নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোকে একটি উন্মুক্ত তথ্যভান্ডার হিসেবে সংরক্ষণ করাই উদ্যোগটির মূল উদ্দেশ্য।
তাদের মতে, বিভিন্ন এলাকা ও খাত থেকে পাওয়া অভিযোগ বিশ্লেষণের মাধ্যমে কোথায় বা কোন ধরনের কার্যক্রমে চাঁদাবাজির অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।
অভিযোগ প্রকাশের ক্ষেত্রে রাখা হয়েছে যাচাই ও মডারেশনের ব্যবস্থা। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার বক্তব্য এবং কারও ফোন নম্বর, বাসার ঠিকানা বা অপ্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য প্রকাশ ঠেকাতে অভিযোগগুলো প্রকাশের আগে পর্যালোচনা করা হবে।
কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে অভিযোগ জমা পড়লেও সেটিকে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।
উদ্যোক্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা কিংবা কাউকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করা তাদের উদ্দেশ্য নয়। সাধারণ মানুষের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে সংরক্ষণ, চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির বিষয়ে জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে সমস্যার সামগ্রিক চিত্র তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অভিযোগ জানাতে: chandabd.com