নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে সংশোধনী চূড়ান্ত করার আগে আবারও গণভোট হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংসদে সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে যেসব বিষয়ে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব ও করণীয় নিয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা।
ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন, জানুয়ারিতে বিল
বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি।
বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটির পক্ষ থেকেও বিরোধী দলকে প্রক্রিয়ায় যুক্ত করার চেষ্টা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
যেসব বিষয়ে পরিবর্তনের আলোচনা
বৈঠকে সংবিধানের বিভিন্ন মৌলিক বিষয়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করার মতো বিষয়।
এ ছাড়া সংসদীয় কমিটির ক্ষমতা বৃদ্ধি, উচ্চকক্ষের কাঠামো, নারী প্রতিনিধিত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বৈঠকে মতামত দেওয়া হয়।
গণভোটের বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনাসহ গণভোটের সুরক্ষায় থাকা নির্দিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন আনা হলে সংসদে সংশোধনী পাসের পর রাষ্ট্রপতির সম্মতির আগে গণভোটের প্রয়োজন হবে। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও ভবিষ্যতে গণভোটের সুরক্ষার আওতায় রাখার প্রস্তাব আলোচনায় এসেছে।
বৈঠক শেষে দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি জানান, সংবিধানে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বিধান নিয়ে কমিটির পক্ষ থেকে আলোচনা হয়েছে।
বিশেষ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে। আলোচনার বাইরে কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।