নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর পর প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। এ সিদ্ধান্তের পর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি প্রশ্ন তোলেন, প্রশ্নফাঁসের কারণে তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় কে নেবে?
হাসনাতের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা টিউশনির টাকা জমিয়ে কিংবা ধারদেনা করে ঢাকায় এসেছিলেন পরীক্ষায় অংশ নিতে। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের সেই প্রস্তুতি ও ব্যয় বিফলে গেছে।
ঘটনাটিকে ‘নির্মম রসিকতা’ হিসেবে উল্লেখ করে তিনি পরীক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য খরচের ক্ষতিপূরণ নিয়ে সরকারের জবাবদিহি দাবি করেন। একই সঙ্গে পুনরায় পরীক্ষা আয়োজন করতে হলে সরকারি অর্থের অতিরিক্ত ব্যয় হবে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাতের দাবি, দীর্ঘদিন নিয়োগ কার্যক্রমে অনিশ্চয়তার পর পরীক্ষা আয়োজন করা হলেও প্রশ্নফাঁসের ঘটনায় চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০০টি পদের বিপরীতে তিন লাখের মতো পরীক্ষার্থী অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কোনো আমলা, সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সরকারের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আরও বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর মন্ত্রীর নিজের সংশ্লিষ্টতা থাকলে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় চাকরিপ্রার্থীদের ক্ষতি, দায়ীদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।