নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, অডিওগুলোর সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কোন প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। তিনি দাবি করেন, ফ্যাক্টচেকের মাধ্যমে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। তবে প্রচারিত অডিও সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে, এমন দাবি তিনি করেননি।
দ্য ডিসেন্ট জানায়, একাধিক অনলাইন টুলে পরীক্ষা করেও অডিওতে এআই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে অডিওগুলোর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাঁকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে।
এসব ভিডিওতে তাঁকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে অডিওতে এআই ব্যবহারের প্রমাণ না পাওয়া এবং অডিওর সত্যতা বা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত হওয়া এক বিষয় নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি।