নিউজ ডেস্ক: চ্যানেল উই ফর ইউ,
পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ডেকে পাঠান। পরে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করা হয়।
সূত্রটির দাবি, প্রাথমিকভাবে তাঁর ফোনে তথ্য আদান-প্রদানের কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাইয়ে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না।
অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামও জানান, জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওই গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত তথ্যের সূত্র ধরে তাঁকে ডাকা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। তবে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে, এসপি জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ থাকায় তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।