নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির একটি গোয়ালঘরে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।”
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগার ঘটনাটি মূলত গরু রাখার একটি ঘরে ঘটেছে। স্থানীয় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরের ভেতরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেন। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে দাবি করা হয়, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
পোস্টের সঙ্গে ঘটনার একটি ভিডিও যুক্ত করা হয়েছিল। তবে রাত ২টা ২০ মিনিটের পর তাঁর ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্টটি আর পাওয়া যায়নি।
ভিডিওতে বাড়ির একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ঘরের ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর বের করে আনা হয়েছে।
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।