নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ তুরস্কের আনতালিয়ায় অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রস্তুতি, চলমান কার্যক্রম এবং সম্মেলনকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও দেশীয়ভাবে তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্যাভিলিয়নে প্রদর্শিত দেশীয় পণ্যের মধ্যে বিশেষ গুরুত্ব পায় পরিবেশবান্ধব পাটজাত পণ্য। এসব পণ্যের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
Go Up Foundation বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও জলবায়ু অভিবাসী পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি।
এ ছাড়া সংগঠনটির তিনটি প্রধান উদ্যোগ—Community Learning Hub, Community Livelihood এবং Community Development-এর মাধ্যমে পিছিয়ে পড়া ও অনুন্নত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করা হচ্ছে। এসব কার্যক্রমের আওতায় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জীবিকার সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দেশের ঐতিহ্য, সম্ভাবনা ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশেষ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, জলবায়ু অভিবাসী পরিবার এবং শিশুদের শিক্ষা ও জীবিকার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী পর্যায়ে উদ্যোগ গ্রহণ করলেই হবে না; স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, তরুণদের নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যক্রম বাস্তবায়নও অত্যন্ত জরুরি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, COP31-এ Go Up Foundation-এর অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠন এবং টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
উল্লেখ্য, Go Up Foundation একটি কমিউনিটিভিত্তিক উন্নয়নমূলক সংগঠন। শিক্ষা, জীবিকা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সক্ষম ও টেকসই সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।