গোপালগঞ্জে প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। একই দিন বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এরই অংশ হিসেবে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ কলেজের মূল ফটকের সামনে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভাঙচুর করেন।
পরে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে স্লোগান দেন।
এ ছাড়া বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগানও লিখে দেন বিক্ষোভকারীরা। এসব ঘটনায় পুরো জেলা শহরে অচলাবস্থা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত ১০ নভেম্বর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের আশপাশে জড়ো হতে থাকেন। পরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তবে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।