নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এসব নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
ইসি সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে অথবা নির্বাচনী চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল কিংবা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।
ভোটের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার জানান, ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
ইসি সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন হলে ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ হবে।