চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। বিএনপির সংসদ সদস্য ও দলটির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ গেজেট জারি করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য ঘোষণার বিষয়টি জানানো হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে গত ১৩ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ১৫ নভেম্বর স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বিজয়ী হয়েছিলেন তিনি। সে সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ওসমান ফারুক গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি বলে জানা গেছে।
তার পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হলো।