চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।
যেসব ব্যবহারকারী একই অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করছেন, তাদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। এসব প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ রাখা জরুরি। পাশাপাশি বন্ধু, গ্রুপ ও পেজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
### অ্যাডিশনাল প্রোফাইল কী?
অ্যাডিশনাল প্রোফাইল হলো একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে মূল প্রোফাইলের পাশাপাশি তৈরি করা অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল। ব্যক্তিগত আগ্রহ, শখ, পেশা কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতেন।
একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা পাওয়া যেত। ফলে একই ব্যক্তি ব্যক্তিগত ও পেশাগত কাজ কিংবা ভিন্ন ভিন্ন আগ্রহের জন্য আলাদা প্রোফাইল ব্যবহার করতে পারতেন।
তবে এসব অতিরিক্ত প্রোফাইল সম্পূর্ণ স্বতন্ত্র অ্যাকাউন্ট ছিল না। একই লগইন তথ্য ব্যবহার করেই মূল প্রোফাইলসহ সব অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করা যেত।
মেটার সিদ্ধান্ত কার্যকর হলে অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বন্ধু ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।