চ্যানেল উই ফর ইউ,
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘বিদ্বেষপ্রসূত বিচার’ দাবি করে এ বিষয়ে খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ। পডকাস্টটি সঞ্চালনা করেন জিটো হ্যারি ও ডেভিড ডেভিস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে টিউলিপ দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন।
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এই লেবার দলীয় এমপি বলেন, ঢাকায় পরিবারের নামে জমি নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগে তার বিচার হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
টিউলিপের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যের একজন বিশিষ্ট আইনজীবীর পরামর্শ পেয়েছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে যাওয়ার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি রয়েছে বলেও তাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।
টিউলিপ আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে আইনজীবীরা বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব পাননি।
তিনি জানান, ড. ইউনূস যখন লন্ডনের বিখ্যাত ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন তার সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানিয়ে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন। তবে ড. ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় একটি মামলায় টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিচার শেষে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে টিউলিপ বলেন, পুরো বিষয়টি তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়েছিল। সকালে স্কাই নিউজের ব্রেকিং নিউজ দেখে তিনি প্রথম জানতে পারেন, ঢাকায় তাকে সাজা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সচিব বা সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করেছিলেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা ও সাজা নিয়ে বিতর্কের জেরে সরকারের ভাবমূর্তি রক্ষায় তিনি পদত্যাগ করেন।
সাক্ষাৎকারে টিউলিপ জানান, কঠিন সময়ে কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে তার প্রতি সমর্থন বজায় রেখেছিলেন। তবে সরকারের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, কিয়ার স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিয়ে যাওয়ার রাজনৈতিক লড়াইয়ে শুরু থেকেই তিনি পাশে ছিলেন। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে তিনিই সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত লেবার পার্টির রাজনৈতিক স্বার্থ বিবেচনায় মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
এদিকে টিউলিপ সিদ্দিকের অভিযোগ ও সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।