হিমেল আহাম্মেদ-
চ্যানেল উই ফর ইউ,
নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক টাস্কফোর্স গঠন, মিয়ানমার ও আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো এবং জাতীয় ঐকমত্য গড়ার পরামর্শ সাবেক দুই কূটনীতিকের
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও যৌন সহিংসতার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর নতুন করে আশার আলো দেখছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তবে এই রায়কে বাস্তবে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিজ ভূমিতে ফেরার অধিকার এবং ক্ষতিপূরণ পাওয়ার দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব দিয়েছে।
সাবেক দুই কূটনীতিক মনে করছেন, এই রায়কে কার্যকর করতে হলে বাংলাদেশকে কেবল দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রোহিঙ্গাদের মতামতকে গুরুত্ব দিয়ে মিয়ানমার সরকার ও রাখাইনে প্রভাবশালী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি ওআইসি, আসিয়ান, জাতিসংঘসহ প্রভাবশালী রাষ্ট্রগুলোকে সম্পৃক্ত করে একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিতে হবে।
বিশ্লেষকদের মতে, আইসিজের রায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। তবে আদালতের রায় ইতিবাচক হলেও তা বাস্তবায়নের জন্য কার্যকর আন্তর্জাতিক চাপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কারণ, আইসিজের নিজস্ব কোনো নির্বাহী বাহিনী নেই, যা সরাসরি রায় বাস্তবায়ন করতে পারে।
এ অবস্থায় বাংলাদেশকে এককভাবে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ১৮ মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন। অন্যদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণ ও প্রতিকারের বিষয়ে মিয়ানমারকে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি জানাতে হবে। এ প্রেক্ষাপটে আগামী দুই বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
তাদের মতে, এই সময়ের মধ্যে প্রত্যাবাসন, রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। বন্ধুপ্রতিম ও সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে একটি যৌথ অবস্থান তৈরি করাও জরুরি।
রোহিঙ্গাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যকর করতে প্রথমেই রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি আলোচনা করা প্রয়োজন। প্রত্যাবাসন প্রক্রিয়ায় তারা কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তা জানতে হবে। কারণ, মিয়ানমারের সঙ্গে সমঝোতার ক্ষেত্র নির্ধারণে রোহিঙ্গাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মনে করেন, গত কয়েক বছর ধরে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। বর্তমান বাস্তবতায় রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী আরাকান আর্মির ভূমিকাও বিবেচনায় নেওয়া জরুরি। প্রয়োজনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের কৌশল নির্ধারণ করতে হবে।
এ ছাড়া আইসিজের মামলায় সমর্থনকারী ও পক্ষভুক্ত ১১টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে কার্যকর প্রস্তাব গ্রহণের জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ ক্ষেত্রে চীন, রাশিয়া ও জাপানসহ মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোকে সম্পৃক্ত করে বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল গ্রহণের পরামর্শ দেন এই সাবেক রাষ্ট্রদূত।
তার মতে, দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা প্রয়োজন। কারণ, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করা কঠিন।
আঞ্চলিক ও বৈশ্বিক জোটের উদ্যোগ প্রয়োজন
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ মনে করেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিজস্ব ঘরবাড়িতে ফিরে স্বাভাবিক নাগরিকের মতো বসবাসের অধিকার প্রতিষ্ঠা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্য অর্জনে একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তার মতে, এই টাস্কফোর্স নিয়মিত রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করবে এবং মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে।
মুন্সী ফয়েজ আহমদের মতে, বাংলাদেশ এককভাবে কোনো উদ্যোগ নিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি বাংলাদেশের নিজস্ব স্বার্থের প্রশ্ন হিসেবে বিবেচিত হতে পারে। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটের মাধ্যমে প্রভাবশালী দেশগুলোকে সক্রিয় করতে হবে।
পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে কার্যকর প্রস্তাব গ্রহণের প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে।
সব মিলিয়ে আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও কেবল রায়ের মধ্য দিয়ে সংকটের অবসান হবে না। প্রয়োজন সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ, জাতীয় ঐকমত্য এবং রোহিঙ্গাদের সক্রিয় অংশগ্রহণ। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক রায়কে কাজে লাগিয়ে বাংলাদেশ কতটা কার্যকরভাবে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।