1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

হাসিনাকে ফেরত পাঠানো: ভারতের কথিত শর্তে রাজি নয় সরকার

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রশ্নে ভারতের কথিত দুই শর্ত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর নিশ্চয়তা দিতে আগ্রহী নয় ঢাকা।

সরকারের অবস্থান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই আনতে হবে। দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও আদালতের রায় অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য কোনো দেশের চাপে বিচারিক প্রক্রিয়া পরিবর্তন কিংবা আগাম নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। তবে ভারত থেকে তাঁকে কীভাবে দেশে আনা হবে, সে বিষয়ে আলোচনার পথ খোলা রয়েছে। সরকারের নীতিনির্ধারক সূত্র বলছে, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য, বিচারিক সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়েই এগোবে ঢাকা।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন। তাই তাঁকে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ প্রক্রিয়া আকাশ কিংবা স্থলপথে হতে পারে। বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকে তাঁকে গ্রহণ করে দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে যে, দেশে ফেরার পর শেখ হাসিনা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিচারপ্রক্রিয়া নতুন করে পরিচালিত হবে।

তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব শর্ত ঘোষণা করেনি। দুই দেশের সরকারের পক্ষ থেকেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।

সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম শর্তটির সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হলেও দ্বিতীয়টি আইনি ও রাজনৈতিকভাবে জটিল। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। তাঁর প্রত্যাবর্তনের পর আইনি প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার আওতায় নির্ধারিত হবে। আপিল কিংবা পুনর্বিচারের বিষয়ে আগাম নিশ্চয়তা দিতে সরকারের অনাগ্রহ রয়েছে।

### প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর অবস্থান

শেখ হাসিনার দেশে ফেরা ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা তাঁর পিতা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তাঁর বিরুদ্ধে যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। আইনের আওতায় তাঁর পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।’

অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। তাঁর প্রত্যর্পণের বিষয়ে আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সবই করা হয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। ভারত সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়। ১৯৭৩ সালের আইনের ৪৭(৩) ধারায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এ প্রসঙ্গে জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের বিষয়টি আইন অনুযায়ী বিবেচিত হবে। তাঁর মতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই। তবে আপিল ও দণ্ড কার্যকরের চূড়ান্ত বিষয় আদালত এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

### দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্যও গুরুত্বপূর্ণ

নীতিনির্ধারকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কে দীর্ঘমেয়াদি অস্থিরতা চায় না সরকার। দুই দেশের বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) গত ১২ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণেও শেখ হাসিনার অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ও কূটনৈতিক দুই দিকই বিবেচনায় রাখছে বাংলাদেশ। ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার সুযোগ থাকলেও বিচারিক প্রক্রিয়ায় কোনো আগাম নিশ্চয়তা দিতে চায় না ঢাকা। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট