1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সরকার বদলায়, বদলায় না ঘুষ-দুর্নীতির সংস্কৃতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দুদকের ১২০ দফা সুপারিশ প্রায় এক দশকেও বাস্তবায়ন হয়নি, টিআইবির জরিপে ৮১.৬ শতাংশ খানার দুর্নীতির শিকার হওয়ার তথ্য।

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

সরকার পরিবর্তন হয়, বদল আসে মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে। কিন্তু বদলায় না সরকারি সেবা খাতের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের চিত্র। সাধারণ মানুষের ভোগান্তিও থেকে যায় আগের মতোই। প্রায় এক দশক আগে দেশের ২৫টি সরকারি সেবা প্রতিষ্ঠানে দুর্নীতির উৎস ও প্রক্রিয়া চিহ্নিত করে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতি নিয়ন্ত্রণে ১২০ দফা সুপারিশ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সুপারিশের অধিকাংশই বাস্তবায়িত হয়নি। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি অব্যাহত রয়েছে।

দুদকের সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাবের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সর্বশেষ খানা জরিপেও সরকারি-বেসরকারি সেবা খাতে দুর্নীতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০২৫ সালে সরকারি-বেসরকারি সেবা নিতে গিয়ে দেশের ৮১.৬ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। যা ২০২৩ সালে ছিল ৭০.৯ শতাংশ।

দুদক সূত্র জানায়, আইনি প্রেক্ষাপটে ২০০৮ সাল থেকে দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত শুরু করে কমিশন। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে ২৫টি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে দুর্নীতিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনহয়রানি বন্ধের উপায় খুঁজতে গঠন করা হয় ২৫টি পৃথক অনুসন্ধান দল।

দলগুলোর সদস্যরা সেবাগ্রহীতাদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি সরেজমিনে সেবাদানের পদ্ধতি পর্যালোচনা করেন। এতে বিভিন্ন পর্যায়ে অব্যবস্থাপনা, নানা কৌশলে ঘুষ আদায়, ফাইল আটকে অর্থ দাবি এবং সাধারণ মানুষকে হয়রানির চিত্র উঠে আসে। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদেরও চিহ্নিত করা হয়। এসব অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতির ক্ষেত্র ও অনিয়ম চিহ্নিত করে ১২০ দফা সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় দুদক।

পরবর্তী সময়ে ২০১৯ সালে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য তৎকালীন মন্ত্রিপরিষদে আবারও প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু কার্যকর উদ্যোগ ও জবাবদিহির অভাবে সুপারিশগুলো ফাইলবন্দি থেকে যায়।

দুদক কর্মকর্তাদের দাবি, এসব সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি সেবার মান বাড়ার পাশাপাশি ঘুষ, দুর্নীতি ও জনহয়রানি অনেকাংশে কমানো সম্ভব হতো। কিন্তু বাস্তবে ফাইল আটকে অর্থ আদায়, অনিয়ম, অব্যবস্থাপনা এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ হয়নি। সহজ হয়নি সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়াও।

উদ্বেগের বিষয়, প্রায় এক দশক আগে দুদকের অনুসন্ধানে যেসব সমস্যার কথা উঠে এসেছিল, সেগুলোর অনেকই এখনো বিদ্যমান। সরকার ও কমিশনের নেতৃত্বে পরিবর্তন এলেও সরকারি সেবা খাতের দুর্নীতির চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ফলে দুদকের সুপারিশ বাস্তবায়নের দায় কার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে দুদকের সুপারিশগুলো অনেক আগের। পটপরিবর্তনের পর চার মাস কমিশন না থাকায় বিষয়টি এগোয়নি। নতুন কমিশন এখন সুপারিশগুলো পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বাস্তবায়নের অগ্রগতি জানতে চাওয়া হবে। ঘাটতি থাকলে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা দুদকের অন্যতম প্রধান দায়িত্ব।

ঘুষ-দুর্নীতিতে জর্জরিত ২৫ সরকারি প্রতিষ্ঠান

দুদকের অনুসন্ধানে ব্যাপক ঘুষ, দুর্নীতি ও জনহয়রানির চিত্র উঠে আসে ২৫টি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো হলো—তিতাস গ্যাস, বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কাস্টমস-ভ্যাট ও এক্সাইজ, আয়কর বিভাগ, ঢাকা ওয়াসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সাব-রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), গণপূর্ত অধিদপ্তর, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, সমুদ্র ও স্থলবন্দর কর্তৃপক্ষ, ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, শিক্ষা অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুদক কর্মকর্তাদের মতে, স্বাস্থ্য, যোগাযোগ ও ভূমিসেবা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা, পাসপোর্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোতে ঘুষের লেনদেন বেশি। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পেও দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে।

বিভিন্ন সময়ে দুদকের ফাঁদ অভিযানে ঘুষ গ্রহণের সময় কর্মকর্তারা গ্রেপ্তার হলেও সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। টিআইবির খানা জরিপেও এসব প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কয়েকটি সরকারি সেবা খাতে দুর্নীতির চিত্র উঠে এসেছে।

টিআইবির জরিপে দুর্নীতির ভয়াবহ চিত্র

টিআইবির ২০২৫ সালের খানা জরিপ অনুযায়ী, সরকারি-বেসরকারি সেবা নিতে গিয়ে দেশের ৮১.৬ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। ২০২৩ সালে এ হার ছিল ৭০.৯ শতাংশ।

সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবাগ্রহীতারা। এ ক্ষেত্রে দুর্নীতির হার ৮৪.৪ শতাংশ। এরপর রয়েছে বিআরটিএতে ৭৯.৩ শতাংশ, বিচারসংশ্লিষ্ট সেবায় ৭১.৩ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৬৯.৪ শতাংশ, ভূমিসেবায় ৬৬.৩ শতাংশ এবং সরকারি স্বাস্থ্য ও কৃষিসেবায় ৬৪.৪ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, ৬৩.৬ শতাংশ খানা সেবা নিতে গিয়ে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে খানা প্রতি গড় ঘুষের পরিমাণ ছিল ৫ হাজার ১২৪ টাকা।

এ সময়ে দেশে মোট ঘুষের প্রাক্কলিত পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.২৩ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে ঘুষের পরিমাণ বেড়েছে ১৫.৯ শতাংশ।

এটি টিআইবির ১১তম খানা জরিপ। এর আগের ১০টি জরিপেও সরকারি সেবাপ্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির চিত্র উঠে এসেছিল। ধারাবাহিক এসব জরিপে দুর্নীতির চিত্র উঠে এলেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবিধান, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনায় সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬.৫ নম্বর লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্যভাবে কমানোর অঙ্গীকার রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও দুর্নীতিকে রাষ্ট্রের অন্যতম সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, সেবা খাতে ঘুষ ও দুর্নীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার বড় বাধা। বিশেষ করে দরিদ্র, নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এর বোঝা সবচেয়ে বেশি বহন করতে হয়।

বিশ্লেষকদের মতে, শুধু দুর্নীতির উৎস চিহ্নিত করা কিংবা সুপারিশ প্রণয়ন করলেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ হবে না। প্রয়োজন সুপারিশ বাস্তবায়ন, প্রশাসনিক স্বচ্ছতা, কার্যকর নজরদারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা। অন্যথায় সরকার পরিবর্তন হলেও সরকারি সেবা খাতে ঘুষ-দুর্নীতির সংস্কৃতি থেকে সাধারণ মানুষের মুক্তি মিলবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট