
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা এবং আতপ চালের মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
তথ্য উপদেষ্টা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকদের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।