
নিউজ ডেস্ক: চ্যানেল উই ফর ইউ,
দেশের প্রায় ১৮ কোটি নাগরিকের জন্য একটি করে একক ডিজিটাল পরিচয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় বয়সভিত্তিক আলাদা পরিচয়পত্রের পরিবর্তে জন্মনিবন্ধনের সময়ই নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ডিজিটাল নাগরিক ডাটাবেজ।
এ লক্ষ্যে ‘ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাক্সেস অ্যান্ড রেজিলিয়েন্স (ডি-স্টার)’ নামে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৯৩ কোটি টাকা। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পটি নিয়ে আলোচনা হয়।
প্রকল্পের অর্থায়নে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৫৩ কোটি ২৬ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ থেকে ৪ হাজার ৩৯ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ডিজিটাল পরিচয়পত্র কেবল একটি সাধারণ কার্ড হিসেবে ব্যবহৃত হবে না; বরং এর মাধ্যমে তৈরি করা হবে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম। এর আওতায় একক নাগরিক পরিচয় কাঠামো, নিরাপদ ও আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল শাসনব্যবস্থা এবং ডিজিটাল অর্থনীতির অবকাঠামো গড়ে তোলা হবে।
প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারিতে বাস্তবায়ন শুরু হবে। ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনা কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিজিটাল পরিচয়ভিত্তিক ওয়ালেট তৈরি করা হবে। পাশাপাশি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সেবা প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপাদান ব্যবহার করে পাঁচটি অগ্রাধিকারপ্রাপ্ত সরকারি সেবাও চালু করা হবে।
এ ছাড়া জাতীয় ডেটা সেন্টার-২ প্রতিষ্ঠা, বিদ্যমান জাতীয় ডেটা সেন্টার, দুর্যোগকালীন তথ্য পুনরুদ্ধার কেন্দ্র এবং সরকারি ক্লাউড অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধাসম্পন্ন ক্লাউড সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
প্রকল্পের আওতায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) ব্যবস্থার জন্য প্রয়োজনীয় নীতিমালা, সুশাসন, আইনগত কাঠামো ও প্রযুক্তিগত আর্কিটেকচার প্রণয়ন করা হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
**ব্যয় নিয়ে পিইসি সভায় প্রশ্ন**
প্রকল্পটির বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয় নিয়ে পিইসি সভায় প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে পরামর্শক নিয়োগ, প্রশিক্ষণ, ভবন নির্মাণ ও প্রযুক্তি সরঞ্জাম কেনার ব্যয় বিস্তারিত যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।
প্রকল্পে পরামর্শক নিয়োগের জন্য ১১৪ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে ব্যক্তি পরামর্শক ও পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদকাল এবং প্রত্যেক পরামর্শকের পৃথক কর্মপরিধি উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রশিক্ষণ খাতে রাখা হয়েছে ১২০ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকা। এ খাতে প্রশিক্ষণের সংখ্যা, বিষয়বস্তু ও বিস্তারিত ব্যয় বিভাজন ডিপিপিতে সংযোজন করতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যয় যৌক্তিক পর্যায়ে কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অনাবাসিক ভবন নির্মাণে ১১৮ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের প্রস্তাবের ভিত্তি ও যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রকল্পের আওতায় আইসিটি ও পরিবহন সরঞ্জাম ব্যতীত অন্যান্য সরঞ্জাম খাতে সম্মিলিতভাবে ৮ হাজার ৫৭৫ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট প্রকল্প ব্যয়ের ৯৩ দশমিক ২২ শতাংশ। এ খাতের ব্যয় পৃথক কোডে বিভাজন করে দেখানোর পাশাপাশি প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও ব্যয় প্রাক্কলনের ভিত্তি বিস্তারিতভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে কম্পিউটার সফটওয়্যার ও ডেটাবেজ খাতে ৫৫ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ব্যয়ের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সম্পর্কেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সার্বিক আলোচনা শেষে প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় যৌক্তিক পর্যায়ে কমানোর পরামর্শ দিয়েছে পিইসি।
**প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত**
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিকল্পনা কমিশনের উচিত প্রস্তাবিত ব্যয় ভালোভাবে যাচাই-বাছাই করা। বৈদেশিক ঋণ থাকলে অনেক সময় বাধ্য হয়েই পরামর্শক নিয়োগ করতে হয়। এ প্রকল্পে পরামর্শক প্রয়োজন হতে পারে। তবে এ জন্য এত টাকা ব্যয় করা প্রয়োজন কি না, সেটি বড় প্রশ্ন।
তিনি আরও বলেন, উদ্যোগটি ভালো। তবে প্রকল্পটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য মনিটরিং জোরদার করতে হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এটি বাস্তবায়িত হলে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই হোস্টিং এবং পরিচালনগত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য এআই-উপযোগী সক্ষমতা, দুর্যোগকালীন তথ্য পুনরুদ্ধার সুবিধা এবং উন্নত সাইবার নিরাপত্তাব্যবস্থাসহ একটি স্থিতিশীল পাবলিক ক্লাউড অবকাঠামো গড়ে তোলা হবে।
পাশাপাশি ডিজিটাল দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও শিক্ষানবিশ কর্মসূচির মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে।