1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

বোরো আবাদে লোকসানের শঙ্কা, বাড়তি খরচে দিশেহারা কৃষক

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

নতুন বোরো মৌসুম শুরু হতেই দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ প্রস্তুত, বীজতলা তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। তবে আবাদ ঘিরে তাঁদের মনে নতুন স্বপ্নের পাশাপাশি দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। ডিজেল, সার, বীজ ও সেচের খরচ বৃদ্ধির সঙ্গে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা।

কৃষকদের আশঙ্কা, বাড়তি খরচের বিপরীতে ধানের বিক্রয়মূল্য আশানুরূপ না হলে মৌসুম শেষে লাভের পরিবর্তে লোকসান গুনতে হবে। এমনকি অনেক কৃষককে নতুন করে ঋণের বোঝায় পড়তে হতে পারে।

সম্প্রতি বাজারে ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে জমি চাষ থেকে শুরু করে সেচ কার্যক্রমের প্রতিটি পর্যায়ে উৎপাদন ব্যয় বেড়েছে। কৃষকদের হিসাব অনুযায়ী, ডিজেলের দাম বাড়ায় শুধু জমি চাষ ও সেচ বাবদই প্রতি বিঘায় অতিরিক্ত ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে।

রংপুরের কৃষক আহাদ বলেন, তাঁদের এলাকার চাষাবাদ মূলত গভীর নলকূপ ও সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংয়ের কারণে সময়মতো জমিতে পানি দেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সংযোগ থাকলেও বেশি ইউনিটের কারণে সেচের খরচ বেড়েছে।

তিনি জানান, বর্তমানে প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়ছে ৮০০ থেকে ৯০০ টাকা। অথচ ধান কাটার পর তা বিক্রি করতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। ফলে ধান উৎপাদন করেও লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়ছেন কৃষকেরা।

**সারের বাজারেও বাড়তি দামের অভিযোগ**

জ্বালানি তেলের পাশাপাশি সারের বাজারেও বাড়তি দামের অভিযোগ তুলেছেন কৃষকেরা। নাটোরসহ বিভিন্ন জেলা থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি সার কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। অন্যান্য সারেও বস্তাপ্রতি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কৃষকদের অভিযোগ, কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে খোলাবাজারে বেশি দামে সার বিক্রি করছেন অসাধু ডিলার ও খুচরা বিক্রেতারা। সারের জন্য গভীর রাত থেকে ডিলারের দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক কৃষক খালি হাতে ফিরছেন। কোথাও কোথাও এ নিয়ে হট্টগোল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃষক মো. সিদ্দিক মিয়া বলেন, ‘ধান রোপণের আগেই সার, বীজ ও সেচের পেছনে পানির মতো টাকা ঢালতে হচ্ছে। বোরো ধান পানির ওপর নির্ভরশীল। কিন্তু এবার এত খরচে পুরো মৌসুমে সেচ দেওয়া কঠিন হয়ে পড়বে।’

**ঋণের জালে বর্গাচাষি, খাদ্যনিরাপত্তায় শঙ্কা**

উৎপাদন ব্যয় বৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়ছে বর্গাচাষি ও ক্ষুদ্র কৃষকদের ওপর। কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বর্গাচাষি টুকু শেখ বলেন, জমি চাষের শুরুতেই এনজিও, গ্রাম্য মহাজন কিংবা দোকানদারের কাছ থেকে বাকিতে কৃষি উপকরণ কিনতে হয়। ধান ঘরে তোলার পর সেই দেনা পরিশোধ করতে গিয়ে হাতে তেমন কিছুই থাকে না।

কৃষি বিশ্লেষকদের মতে, বাংলাদেশের খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি বোরো ধান। দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ আসে এ মৌসুম থেকে। ফলে উৎপাদন ব্যয় বাড়তে থাকলে প্রান্তিক কৃষকেরা বোরো আবাদ কমিয়ে দিতে পারেন। এতে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চালের সরবরাহে সংকট তৈরির আশঙ্কা রয়েছে।

**কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের ঘাটতি নেই**

সার ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা ড. সালমা লাইজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বোরো ধান আমাদের খাদ্যনিরাপত্তার প্রধান ভিত্তি। তেলের মূল্যবৃদ্ধিতে সেচ খরচ কিছুটা বাড়লেও মাঠপর্যায়ে এখনো কৃষকদের মধ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি।’

তিনি দাবি করেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। বরং অনেক কৃষক জমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন, যা মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করছে।

সারের অপচয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে একদিকে কৃষকদের বাড়তি উৎপাদন ব্যয়ের অভিযোগ, অন্যদিকে মাঠপর্যায়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব না থাকার সরকারি দাবি, সব মিলিয়ে নতুন বোরো মৌসুমে কৃষির ব্যয় ও সম্ভাব্য লাভ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট