
নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার ঘিরে। মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে রায় ঘোষণা করবেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি।
এই রায়কে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বাংলাদেশের শরণার্থীশিবিরে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ফিরে পাবেন নিজেদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথও সুগম হবে বলে আশা করছেন তারা।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযান, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ মানুষ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবার সেই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে ১৯ নভেম্বর।
ন্যায়বিচার ও নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশা
রায়ের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তারা গণহত্যার স্বীকৃতি ও ন্যায়বিচার পাবেন। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।
রোহিঙ্গা তরুণ আলমগীর বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পক্ষও এ গণহত্যার বিষয়টি স্বীকার করেছে। এখন তারা আন্তর্জাতিক বিচার আদালতের কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিক হিসেবে তারা চান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা আব্দুর রশীদ বলেন, ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে। তাই আইসিজের রায় তাদের পক্ষে আসবে বলে আশা করছেন তারা।
রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা মো. তৈয়ব বলেন, তারা আর বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকতে চান না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান। ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়েরের প্রত্যাশা, আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিতের পথ তৈরি হবে। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া উচিত।
প্রত্যাবাসনের পথ কতটা সুগম হবে?
রোহিঙ্গাদের কাছে এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশার সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় এলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবাসন শুরু হবে, এমন নয়। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি, মৌলিক অধিকার ও বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তাই ১৯ নভেম্বরের রায়ের দিকে শুধু রোহিঙ্গারাই নন, তাকিয়ে রয়েছে বাংলাদেশও। এই রায় রোহিঙ্গা সংকট সমাধানে কতটা ভূমিকা রাখবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসনের পথ কতটা উন্মুক্ত করবে, এখন সেটিই বড় প্রশ্ন।