
চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সদর উপজেলা পরিষদের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদের সামনে আসে। এ সময় তাদের একজন সড়ক থেকে উপজেলা পরিষদের ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি ইব্রাহীম আলী জানান, সদর উপজেলা পরিষদের ভেতরে ককটেল বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সময় পরিষদের ফটকে দুজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেননি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।