
হিমেল আহাম্মেদ-
চ্যানেল উই ফর ইউ,
তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতিতে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তের খবর, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি বাড়ছে অপতথ্য, গুজব ও উসকানিমূলক প্রচারণা। যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় নিরাপত্তায়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার উদ্বেগজনকভাবে সামনে এসেছে। পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলন এবং গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সহিংসতার ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য ও প্রচারণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার অতিরঞ্জিত বর্ণনা, ভিত্তিহীন দাবি, পুরোনো ছবির অপব্যবহার এবং সম্পাদিত ছবি ও ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন প্রচারণা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপপ্রচার শুধু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেই অস্থিতিশীল করে না, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হলে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে। একইভাবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপতথ্য শনাক্ত ও প্রতিরোধে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নূরুল হুদা সাকিবের মতে, অপতথ্য প্রচারণা শনাক্তে মনিটরিং সেল গঠন, স্বাধীন তথ্য যাচাই ব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিকদের ডিজিটাল সচেতনতা বাড়ানো প্রয়োজন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শুধু নজরদারি বাড়ালেই হবে না, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো ছবি, ভিডিও কিংবা সংবাদ যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারও নিশ্চিত করা প্রয়োজন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তথ্য যাচাইব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তি ও মতপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এর অপব্যবহার বন্ধে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে অপতথ্য ও গুজব থেকে আরও বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।