
উই ফর ইউ -প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ২৭২ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৪৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮৪ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ৬ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ৩৮ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬২৭ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৪ জন।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে মাসে ৭১৪ জন, জুনে ২ হাজার ৯০৭ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার রোগী।