
মো. আল আমিন বাপ্পি
সভাপতি, উই ফর ইউ –ঢাকা ইউনিট
‘মানুষ মানুষের জন্য’—এই চেতনাকে ধারণ করে দীর্ঘ ১৭ বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’। ২০১০ সালের ৫ মে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগঠনটির মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়ে এখন রক্তদান ছাড়িয়ে নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ছড়িয়ে পড়েছে।
তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ‘উই ফর ইউ’ পরিবারের স্বেচ্ছাসেবীরা এ পর্যন্ত ২০ হাজারের বেশি ব্যাগ রক্ত বিনামূল্যে স্বেচ্ছায় দান করেছেন। পাশাপাশি ১ লাখের বেশি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ দেওয়া হয়েছে।
সংগঠনটির কর্মকর্তারা জানান, রক্তদানের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্তদের সহযোগিতা, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, যৌতুকবিরোধী সচেতনতা এবং এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
করোনা মহামারির সময়ও সংগঠনটির স্বেচ্ছাসেবীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া ফেনী, সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগের সময় ত্রাণ ও সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘উই ফর ইউ’।
শিক্ষাক্ষেত্রেও সংগঠনটির রয়েছে বিভিন্ন উদ্যোগ। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত হচ্ছে ‘উই ফর ইউ পাঠশালা’, যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন মাদ্রাসায় আমপারা, কায়দা ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হচ্ছে।
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দে সম্পৃক্ত করতে নতুন পোশাক বিতরণ, রমজানে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাক উপহার এবং ঈদুল আজহায় কোরবানির মাংস অসহায় মানুষের মধ্যে বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচিও পালন করে আসছে সংগঠনটি।
বর্তমানে সারাদেশে প্রায় ২৫ হাজার সদস্যের একটি মানবিক পরিবার হিসেবে কাজ করছে ‘উই ফর ইউ’। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির কমিটি রয়েছে। পাশাপাশি প্রবাসী ইউনিটের সদস্যরাও দেশের মানুষের কল্যাণে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
সংগঠনটির ঢাকা ইউনিটের সভাপতি মো. আল আমিন বাপ্পি বলেন, ১৭তম বর্ষপূর্তি শুধু আনন্দের বিষয় নয়, বরং নিজেদের কার্যক্রম মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য নতুন অঙ্গীকার করারও সময়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল লক্ষ্য।
তিনি বলেন, ভবিষ্যতে ‘উই ফর ইউ’কে জাতীয় পর্যায়ের একটি শক্তিশালী মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য রয়েছে।
দীর্ঘ এই পথচলায় সংগঠনটির সঙ্গে যুক্ত রক্তদাতা, স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য করা ছোট একটি ভালো কাজও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
‘উই ফর ইউ’ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর নিবন্ধন নম্বর নোয়া-৮২৬/১৬।-একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন