
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
কক্সবাজার,
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলেকে নিয়ে ‘এফভি রিফাত’ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপকূলে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সাগরে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধারের জন্য সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পরে উদ্ধারকারী দল সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানরত ফিশিং বোটটির সন্ধান পায়। সেখান থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে ফিশিং বোটটিও নিরাপদে হেফাজতে নেওয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। পরে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে যেকোনো ধরনের বিপদে পড়া জেলে ও নৌযানকে দ্রুত সহায়তা দিতে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে,