
আন্তর্জাতিক ডেস্ক।
চ্যানেল উই ফর ইউ,
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া। চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযানে বিভিন্ন দেশের ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় মোট ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৩১৩ জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার শুধু অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান সীমাবদ্ধ রাখা হচ্ছে না। অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া, আশ্রয় দেওয়া কিংবা তাদের উপস্থিতি থেকে আর্থিকভাবে লাভবান হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাইফুদ্দিন বলেন, শুধু অবৈধ অভিবাসীদের আটক করলেই সমস্যার সমাধান হবে না। যারা তাদের নিয়োগ, আশ্রয় ও অন্যান্য সুবিধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কম খরচে শ্রম পাওয়ার উদ্দেশ্যে অবৈধ শ্রমিক নিয়োগের প্রবণতা দীর্ঘদিন ধরে এই সমস্যাকে টিকিয়ে রেখেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধ অভিবাসী নিয়োগসংক্রান্ত মামলায় ২০২৩ সালে ৩৪৬ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে। ২০২৫ সালে গ্রেপ্তার হন ২ হাজার ২০২ জন। আর ২০২৬ সালের প্রথম নয় মাসেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তা।
মালয়েশিয়া সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে অভিযান ও আইন প্রয়োগের কার্যক্রম অব্যাহত থাকবে।