1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, প্রয়োজন অনুদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। পাশাপাশি এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের উদ্যোগের কথা জানান। এসব উদ্যোগের উদ্দেশ্য হলো পানির ধারণক্ষমতা বৃদ্ধি, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের মাধ্যমেও জলবায়ু সহনশীলতা জোরদারের পরিকল্পনা রয়েছে।

বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

এ পরিস্থিতি মোকাবিলায় কপ৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবগুলো হলো—

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা এবং নির্গমন কমানোর উদ্যোগে সহায়তা দেওয়া।

২. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।

৫. কপ৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সফল কপ৩১ সম্মেলন প্রত্যাশা করে। সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে হবে। বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট