
নিজস্ব প্রতিবেদক: চ্যানেল উই ফর ইউ,,
একটানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনায় ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের তথ্য জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর কত-
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এর ফলে ২২ ক্যারেটের সোনায় ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৮২৩ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৪ হাজার ৭২৪ টাকা কমেছে।
এর আগে গত ২৫ আগস্ট দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।
কমেছে রুপার দামও-
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে সর্বোচ্চ ছিল ২ লাখ ৮৬ হাজার টাকা
চলতি বছরে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। গত ২৯ জানুয়ারি এক লাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর পর দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরবর্তী সময়ে কয়েক দফা দাম কমে একপর্যায়ে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার টাকার নিচেও নেমে আসে।
বিশ্ববাজারেও কমেছে সোনার দাম-
বিশ্ববাজারেও সাম্প্রতিক সময়ে সোনার দরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একদিনে প্রতি আউন্স সোনার দাম ১৫৫ ডলার কমেছে। একই সময়ে রুপার দামও ৩ ডলারের কিছু বেশি কমেছে।
গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৪৫৫ ডলার। গত ২৫ আগস্ট দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বাড়ানোর দিন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দর ছিল ৪ হাজার ৬২৫ ডলার। অর্থাৎ ওই সময়ের তুলনায় প্রতি আউন্স সোনার দাম কমেছে ১৭০ ডলার।
সাধারণত বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক বাজারে সোনার দরে ওঠানামা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও।