1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নজরদারিতে আমলা-পুলিশের অনেকেই, বিশেষ পর্যবেক্ষণে ২২ হাজার পুলিশ সদস্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে বিশেষ গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। এর মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য রয়েছেন। পাশাপাশি সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া প্রায় আড়াই হাজার কর্মকর্তার বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সরকারের দায়িত্বশীল বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এবং বর্তমানে প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিতে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

**সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ**

সরকারের নীতিনির্ধারকদের ধারণা, সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। এর সঙ্গে প্রশাসনের একটি অংশের সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কয়েকজন কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান জোরদার করা হয়েছে। এরই মধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কয়েকজন কর্মকর্তার যোগাযোগ, কললিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত গোয়েন্দা প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এসব প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

**সাবেক সরকারের আমলে দায়িত্ব পালনকারীদের কার্যক্রম পর্যালোচনা**

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ সরকারের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা কর্মকর্তাদের কর্মকাণ্ড বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ পদে থাকা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ব্যক্তিরাও অনুসন্ধানের আওতায় রয়েছেন।

**ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া আড়াই হাজার কর্মকর্তা পর্যবেক্ষণে**

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া প্রায় আড়াই হাজার কর্মকর্তার বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

তবে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টিকে এককভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

**নাশকতার অর্থের জোগানদাতাদের খোঁজ চলছে**

সরকারের বিভিন্ন সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

**বিশেষ নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য**

পুলিশ বাহিনীতেও বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন। এ ছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রায় ২ লাখ ১৩ হাজার সদস্য রয়েছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে বাহিনীর সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের পাশাপাশি ৮১ হাজার ৩২টি নতুন পদ সৃষ্টি করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে কতজন নজরদারিতে রয়েছেন, সে তথ্য তাঁর জানা নেই। তবে বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ নিয়মিত কাজের অংশ। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

**পুলিশে নিয়োগ নিয়ে সংসদে তদন্তের তথ্য**

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটি জেলায় পুলিশ কনস্টেবল, এসআইসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট জেলার বাসিন্দা না হয়েও অনেকে জেলা কোটার সুবিধা নিতে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জসহ কয়েকটি জেলার নিয়োগপ্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর পুলিশ সদস্যদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে একটি অডিও ফাঁসের ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকার মিলে এখন পর্যন্ত ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ ছাড়া বিভিন্ন পদমর্যাদার অন্তত ১০০ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন পুলিশ সদস্য পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

**কঠোর অবস্থানের ইঙ্গিত সরকারের**

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কাউকে ওএসডি করা, দায়িত্ব থেকে প্রত্যাহার, বিভাগীয় তদন্ত কিংবা প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।

প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জনবান্ধব করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ পদোন্নতি ও পদায়ন এবং কর্মকর্তাদের পেশাগত জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট