
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে’—বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল স্কুলছাত্রী জান্নাতুল তাজমীনের শেষ কথা। এর কয়েক ঘণ্টা পর কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমীনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল তাজমীন রেনাটা পিএলসি কুমিল্লায় কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। বাবার চাকরির সুবাদে তাজমীন পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত। সে কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমীন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়।
পথে রাতে বাবাকে ফোন করে তাজমীন জানায়, তাকে কয়েকজন আটকে রেখেছে এবং দ্রুত উদ্ধার না করলে বিপদের আশঙ্কা রয়েছে। তবে সে ঠিক কোথায় রয়েছে, তা জানাতে পারেনি। এরপর একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল থেকে আর সাড়া পাওয়া যায়নি।
এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মেয়ের সন্ধানে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন বাবা আবদুল আলীম। পরে বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন তিনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
জান্নাতুল তাজমীনের বাবা আবদুল আলীম বলেন, রাতে মেয়ের কাছ থেকে কান্নাজড়িত অবস্থায় উদ্ধারের আকুতি শুনেছিলেন তিনি। কিন্তু মেয়ে কোথায় আছে, তা জানাতে পারেনি। সকালে থানায় গিয়ে তাকে মেয়ের মরদেহ শনাক্ত করতে হয়েছে।
ফরিদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ জানান, তাজমীন বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং হাজিরা খাতায় তার রোল নম্বর ৩০। তবে গত মার্চ থেকে সে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজমীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক তদন্ত সংস্থা কাজ করছে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।