
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
হরমুজ প্রণালিতে একটি সুপারট্যাংকারসহ দুটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের দাবি, জাহাজ দুটি ‘অননুমোদিত পথ’ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। সেটি সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়। অন্য ট্যাংকারটি মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষায় কথিত অবৈধ পথ দিয়ে গোপনে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সেটি দুর্ঘটনার শিকার হয়ে আগুন ধরে যায় এবং একপর্যায়ে চলাচল বন্ধ হয়ে যায়।
বিবৃতিতে আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির ওই অননুমোদিত পথ নিরাপদ নয়। ‘মার্কিন বাহিনীর’ সঙ্গে সহযোগিতা করে যেসব জাহাজ ওই পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করবে, তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
তবে এ ঘটনায় জাহাজ দুটির নাম, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট স্থান, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইআরজিসির দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।