1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, নোয়াখালীতে কৃষিজমিতে বাড়ছে বসতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

প্রতিবছর মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে হাজারো মানুষের বসতভিটা, ফসলি জমি ও দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাড়িঘর। নদীর করালগ্রাসে সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার তাগিদে বারবার বদলাতে হচ্ছে ঠিকানা। ভিটেমাটি হারানো এসব মানুষের অনেকেই আশ্রয়ের সন্ধানে ছুটে আসছেন নোয়াখালীর সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায়। কেউ আবার জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছেন শহরাঞ্চলে। সেখানে নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রামে কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

নতুন করে বসতি গড়তে এসব মানুষ বেছে নিচ্ছেন কৃষিজমি। এতে একদিকে যেমন কমছে আবাদি জমির পরিমাণ, অন্যদিকে বাড়ছে জনসংখ্যার চাপ। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নতুন আবাসিক এলাকায় তৈরি হচ্ছে রাস্তাঘাট, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নাগরিক সুযোগ-সুবিধার সংকট।

মেঘনার অব্যাহত ভাঙনে প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে উপকূলীয় এলাকার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা। সর্বস্ব হারিয়ে প্রথমে অনেক পরিবার নদীর কাছাকাছি অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও নতুন করে ভাঙন শুরু হলে আবারও তাদের স্থান পরিবর্তন করতে হয়। এভাবে একাধিকবার বাস্তুচ্যুত হওয়ার পর অনেক পরিবার বাধ্য হয়ে নোয়াখালীর সদর ও সুবর্ণচরসহ বিভিন্ন এলাকায় চলে আসছে।

তুলনামূলক কম দামে কৃষিজমি কিনে সেখানে গড়ে তুলছে নতুন বসতি। বাস্তুচ্যুত এসব পরিবারের সদস্যদের ভাষ্য, নদীভাঙনে নিজেদের শেষ সম্বলটুকুও হারিয়ে নতুন করে বেঁচে থাকার আশায় তারা এসব এলাকায় আশ্রয় নিয়েছেন।

স্থানীয়দের দাবি, সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিমালা ও কার্যকর তদারকির অভাবে গত দুই বছরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও সুবর্ণচর উপজেলায় প্রায় ২০ হাজার পরিবার ফসলি জমিতে নতুন বসতি গড়ে তুলেছে। এতে ক্রমেই কমছে কৃষিজমির পরিমাণ। পাশাপাশি কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, এভাবে আবাদি জমিতে একের পর এক বসতবাড়ি নির্মাণ অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হবে। বিশেষ করে যেসব এলাকায় একসময় বিস্তীর্ণ মাঠজুড়ে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদিত হতো, সেসব এলাকায় দ্রুত বাড়িঘর নির্মিত হওয়ায় কৃষিজমির স্বাভাবিক ব্যবহার কমে যাচ্ছে।

অন্যদিকে নতুন এসব আবাসিক এলাকায় বাড়ছে জনসংখ্যা। কিন্তু সেই অনুপাতে গড়ে উঠছে না প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো। অনেক এলাকায় পর্যাপ্ত সড়ক যোগাযোগ, সুপেয় পানির ব্যবস্থা, পয়োনিষ্কাশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। ফলে নতুন করে বসতি গড়া পরিবারগুলোর পাশাপাশি পুরোনো বাসিন্দারাও বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

**কৃষিজমি রক্ষায় বিকল্প পুনর্বাসনের চিন্তা**

কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে কৃষি বিভাগ। তবে বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট বিবেচনায় নিয়ে কৃষিজমির বাইরে নতুন জেগে ওঠা চর কিংবা অব্যবহৃত জমিতে তাদের পুনর্বাসনের সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, “যেখানে আমাদের ল্যান্ডগুলো ইউজ হয় না, সেই ধরনের ল্যান্ডে তাদেরকে ব্যবস্থা করা যায় কিনা, এ ব্যাপারে আমি জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমাদের কৃষিজমির ওপর যাতে তারা বসতি স্থাপন করতে না পারে। আমাদের উৎপাদন যদি কমে যায়, তাহলে এর বিরূপ প্রভাব পড়বে।”

**পরিকল্পিত পুনর্বাসনই হতে পারে স্থায়ী সমাধান**

ভিটেমাটি হারানো এসব মানুষের অধিকাংশই নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার নদীভাঙনকবলিত এলাকা থেকে এসেছেন। বছরের পর বছর নদীভাঙনের শিকার হয়ে এসব পরিবার এখন নতুন ঠিকানায় বেঁচে থাকার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞদের মতে, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনকে শুধু বাসস্থান সংকট হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষিজমি সংরক্ষণ, খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়। তাই পরিকল্পিত আবাসন, কর্মসংস্থান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করে সমন্বিত পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

মেঘনা নদীতে নতুন করে জেগে ওঠা চর ও সরকারি খাসজমির উপযুক্ততা যাচাই করে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য সুনির্দিষ্ট বন্দোবস্তের ব্যবস্থা করা যেতে পারে। তবে চরাঞ্চলের ভূমির স্থায়িত্ব, মালিকানা, পরিবেশগত ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনা করেই এ ধরনের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি উদ্যোগ জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নদীভাঙনে মানুষ হারাচ্ছে তার শেষ আশ্রয়, আর নতুন করে বসতি গড়তে গিয়ে হারিয়ে যাচ্ছে কৃষিজমি। এই দুই সংকটের সমাধানে এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা। অন্যথায় একদিকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়বে, অন্যদিকে কমতে থাকবে কৃষিজমি। যার প্রভাব পড়তে পারে নোয়াখালীর সামগ্রিক কৃষি, অর্থনীতি ও জনজীবনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট