
চ্যানেল উই ফর ইউ–প্রতিনিধি,
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত বালু বহনের দায়ে ১২টি ওভারলোডেড ট্রাকের চালককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বসুরহাট-পেশকারহাট সড়কের রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
স্থানীয়রা জানান, অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় শুক্রবার রাতে চরকাঁকড়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ১২টি বালুবাহী ওভারলোডেড ট্রাক আটক করেন।
পরে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলামের নির্দেশে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
এরপর শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা ১২টি ট্রাকের চালককে অতিরিক্ত মালামাল বহনের দায়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, সড়ক রক্ষা এবং জনদুর্ভোগ নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয়দের দাবি, সড়কের ক্ষতি ও জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত বালুবাহী ট্রাকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।