
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। প্রশাসনের উপস্থিতিতেই তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনার পর তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী জাকিয়া সুলতানা রাজবাড়ী বাজারের কাপড় বাজারে ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার দাবি, প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে দেওয়ার পর থেকেই তাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।
জাকিয়া সুলতানা বলেন, সম্প্রতি তার প্রতিষ্ঠানের কর্মচারী বৃষ্টি দোকানের হিসাব না দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে চলে যান। এ বিষয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, গত ২৩ আগস্ট বৃষ্টিসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করেন।
পরে গত শনিবার দুপুরে রাজবাড়ীর কাপড় বাজারে তার প্রতিষ্ঠানে কয়েকশ মানুষ জড়ো হয়ে তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন জাকিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার সময়ও কয়েকজন যুবক তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ তার।
জাকিয়া সুলতানার দাবি, জেলার ২৬টি সাব-সেন্টারের মাধ্যমে প্রায় চার হাজার নারী শ্রমিক তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কাপড় বাজারের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় এসব শ্রমিকের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মচারী বৃষ্টির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা-সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টির সমাধান হয়েছে বলে জানান তিনি।