
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল রক্ষায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। স্বেচ্ছাসেবী সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ-এর ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় এ কার্যক্রমে অংশ নিয়েছে গো আপ ফাউন্ডেশন।**
মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এর মূল লক্ষ্য খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা কমানো এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।
অভিযানে গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা খাল থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে কাজ করছেন। আয়োজকদের মতে, খাল পরিষ্কারের পাশাপাশি এর দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
খাল পরিদর্শনে এসে অতিথিরা এর বর্তমান অবস্থা, অবৈধ স্থাপনা অপসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যত বাধাই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের চূড়ান্ত সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানান তিনি। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের কথাও উল্লেখ করেন প্রশাসক।

তিনি আরও বলেন, নাগরিকদের সচেতনতা ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়। খালে ময়লা ফেলা বন্ধ না হলে পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল দীর্ঘস্থায়ী হবে না। ভবিষ্যতে খালে বর্জ্য ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, নগর পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। ঢাকার জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এ যৌথ উদ্যোগ প্রশংসনীয়। খালের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ফ্রান্স সরকারের সহযোগিতা ও অংশীদারত্ব বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ফুটস্টেপস বাংলাদেশ জানায়, ‘চলো খাল বাঁচাই’ ক্যাম্পেইনের উদ্দেশ্য শুধু খাল পরিষ্কার করা নয়, বরং স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি করা। তরুণ ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন প্রজন্মের পরিবেশসচেতনতার প্রতিফলন বলেও মনে করে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা অভিযান শেষে খালটি যেন আবার বর্জ্যের ভাগাড়ে পরিণত না হয়, সে জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, “এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই এই শহরে বসবাস করতে হলে একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে সচেতন করার কাজও আমাদেরকেই করতে হবে। গো আপ ফাউন্ডেশন সবসময় দেশের কল্যাণে ভালো কাজ করে, তাই আজও এই ভালো উদ্যোগে যুক্ত হয়েছে।”
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, খালটি সম্পূর্ণ পরিষ্কারের পর এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বসার জায়গা ও গ্রিন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হতে পারে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা না ফেলার এবং খাল পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাঁদের মতে, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া খালের পরিচ্ছন্নতা দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব নয়।
আয়োজকরা এ উদ্যোগে সহযোগিতার জন্য ডিএনসিসি, ফ্রান্স সরকার, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের আশা, প্যারিস খাল পরিচ্ছন্নতার এ উদ্যোগ ঢাকার অন্যান্য খাল রক্ষায়ও তরুণদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে সংগঠনটি।