
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ওই ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। এ সময় আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
যেভাবে সাজা দেওয়া হলো
আদালতের আদেশ অনুযায়ী, একজনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, একজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, দুইজনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, ১০ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা এবং অপর দুইজনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করে সাজা দেওয়ায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের এ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, মাদকের বিস্তার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, দ্রুত আইনি প্রক্রিয়া ও অপরাধীদের বিচারের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।