
নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১৫ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। সেখানে প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে জানান তিনি।
ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।