
চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামে এক হেলপার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বাসস্ট্যান্ডে এসে দুটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. জগলুল হাসান জানান, বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ পরিবহনের আরেকটি বাসে (খুলনা মেট্রো-ব-১১-০৫১) দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
এ সময় ‘বাহক’ পরিবহনের বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার মো. সিয়াম। আগুনে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।