
চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত, বিস্ফোরকদ্রব্য ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করে।
এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।