
চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনকে গভীর রাতে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সময় তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগও করেছেন ওই সাংবাদিক।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকা সাতক্ষীরার সকাল-এর ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক বিলাল হোসেনের অভিযোগ, রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাকে ডাকাডাকি করেন। পরে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এরপর তিনি বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে সঙ্গে নিয়ে সড়কে যান।
সেখানে গিয়ে তিনি যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকে দেখতে পান। একপর্যায়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি মাইক্রোবাসে ওঠার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তাকে তুলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে তিনি পাশের একটি ঘেরে আশ্রয় নেন।
এ ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে আসেন বিলাল হোসেন। তার অভিযোগ, তাকে না পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা আবার বাড়িতে গিয়ে হামলা চালান। এতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু এবং ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান।
তাদের দাবি, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল হোসেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক শ্রমিক লীগ নেতার মুঠোফোন পরীক্ষা করা হয়। সেখানে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলালসহ স্থানীয় কয়েকজনের যুক্ত থাকার তথ্য পাওয়া যায় বলে দাবি করেন তারা। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠকের বিষয়েও আলোচনা হচ্ছিল বলে জানান তারা।
যুবদল ও বিএনপির ওই দুই নেতার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতেই তারা রাতে বিলালের বাড়িতে গিয়েছিলেন। তবে বিলাল ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি চলে যান। এ সময় বিলালের বাবা পুলিশের গাড়িতে হামলা চালান এবং তার পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর পর বিলাল সেখান থেকে চলে যান। তবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি জানান, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা, রাজনৈতিক পরিচয়ে চাপ সৃষ্টি এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।