
নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৯১ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৮৫ জন, চট্টগ্রামে ৪৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৬০৬ জন, খুলনায় ৯৩০ জন, বরিশালে ৭৪৩ জন, রাজশাহীতে ৬৪৭ জন, চট্টগ্রামে ৪৫৮ জন, ময়মনসিংহে ২৭৮ জন, রংপুরে ২০৮ জন এবং সিলেট বিভাগে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন।