1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

জাতীয় ঐক্যের বিকল্প নেই, সংকট মোকাবিলায় সব পক্ষকে পাশে চায় সরকার

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নানা সামাজিক সংকটে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এসব সংকট মোকাবিলায় সরকারকে রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের মতে, জাতীয় স্বার্থে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ বাড়ানো।

সংশ্লিষ্টদের মতে, এসব সংকট মোকাবিলায় সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ। আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব নিতে হবে সরকারকেই।

বিরোধী দলগুলোর নেতারা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলে তাতে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত তাঁরা। তবে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা।

সংশ্লিষ্টরা আরও বলছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও শ্রম অসন্তোষ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে বিচ্ছিন্নভাবে কোনো একটি খাতের সমস্যা সমাধান করে সামগ্রিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ

সংকট মোকাবিলার বিষয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসব সমস্যার প্রভাব শুধু সরকার বা ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় অগ্রাধিকার দিতে হবে।

সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকার আহ্বান বিএনপির

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। বর্তমানে বিভিন্ন খাতে নানা সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে সংকট সমাধানে ঐক্যবদ্ধ হতে হবে। এ অবস্থায় বিরোধিতা নয়, সংকট মোকাবিলায় সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। অন্যথায় ভবিষ্যতে বিপদ আরও বাড়বে।

সরকারকেই ঐক্যের উদ্যোগ নিতে হবে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফ্ফী রতন বলেন, বিচিত্রভাবে মানুষের সংকট বাড়ছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ সংকটের মধ্যে পড়েছে। বিশেষ করে একটি গোষ্ঠী ‘মব’ সংস্কৃতি তৈরি করে পরিস্থিতি আরও জটিল করছে। গার্মেন্টস শ্রমিকদের মজুরির বিষয়টিও জীবন-মরণ সংকটে পরিণত হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর মানুষ পরিবর্তনের আশা করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিস্থিতির উন্নতি হয়নি। বর্তমান সরকারও সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

আব্দুল্লাহ কাফ্ফী রতন আরও বলেন, এই সংকট শুধু সরকারের একার নয়। তবে সংকট দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও শ্রমজীবী মানুষের সঙ্গে আলোচনা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করা গেলে প্রকৃত সংকট মোকাবিলা সম্ভব।

জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, রাজনৈতিক সংকটের প্রভাব অর্থনীতির ওপর পড়ে। আবার অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে না পারলে রাজনৈতিক সংকটও বাড়ে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বাজার নিয়ন্ত্রণ, এলপিজি গ্যাস নিয়ে জনহয়রানি বন্ধ, ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মানসম্মত মজুরি নিশ্চিত করতে হবে।

রাজেকুজ্জামান রতনের মতে, জনগণ যদি অনুভব করে সরকার তাদের পাশে আছে, তাহলে ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ থাকে না। সংকট মোকাবিলায় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের শর্ত জামায়াতের

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, একটি নিষিদ্ধ দলের কার্যক্রম বন্ধ রাখা সরকারের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে জামায়াত কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করবে?

তিনি আরও বলেন, সরকার যদি আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা চায় এবং জাতীয় ঐক্য কামনা করে, তাহলে জামায়াত অবশ্যই তাতে সাড়া দেবে। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার।

আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সরব এনসিপি

এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলছেন। আওয়ামী লীগ ফিরে এলে হয়তো তাঁরা বিভিন্ন পদ পাবেন। তবে আওয়ামী লীগ ফিরে এলে জনগণ কচুকাটা করবে। জনগণ আওয়ামী লীগকে তাঁদের দৃষ্টিতে দেখবে—এমন ধারণা ভুল।

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম উল্লেখ করছে না। অথচ অতীতে কোথাও নাশকতা হলে জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস বলে শিরোনাম করা হতো।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে এনসিপি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের উদ্যোগ সরকারকেই নিতে হবে। তবে এ ক্ষেত্রে নিঃশর্ত সমর্থনের সুযোগ নেই; জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো পূরণ করতে হবে।

সরোয়ার তুষার আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে জনমত গঠন ও আন্দোলন অব্যাহত থাকবে। ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে এনসিপি।

গার্মেন্টস খাতের সংকট সমাধানে দায়িত্বশীল আচরণের আহ্বান

এ প্রসঙ্গে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, গার্মেন্টসের সংকট শুধু সরকারের সংকট নয়। ১২ হাজার ৫০০ টাকার স্থলে আগামীকাল থেকেই তিনগুণ বেশি ৩৫ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতা মালিকদের নেই। এ বিষয়টির একটি সুরাহা হওয়া দরকার।

তিনি বলেন, গার্মেন্টস বাঁচলে শুধু মালিকই বাঁচবেন না, শ্রমিকরাও বাঁচবেন। শ্রমিকদের রাজনৈতিক পক্ষগুলোর ফাঁদ বুঝতে হবে। যৌক্তিকতা বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টিতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

জাতীয় স্বার্থে সমন্বিত উদ্যোগই সমাধান

সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে সংশ্লিষ্টদের অভিমত, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে আলোচনার পথ খোলা রাখা জরুরি।

সরকারের দায়িত্বশীল ভূমিকা, বিরোধী দলগুলোর গঠনমূলক সহযোগিতা এবং ব্যবসায়ী-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সংকট উত্তরণের পথ তৈরি হতে পারে। তাই দেশের বর্তমান বাস্তবতায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট